সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব থেকে বাঁচতে উপকূলীয় এলাকা থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন। দেশটির পূর্ব উপকূলে ধেয়ে আসা এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করছে চীনা কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদদের মতে, টাইফুনটি বর্তমানে কিছুটা দুর্বল হলেও এটি এখনো অত্যন্ত বিপজ্জনক। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরের কাছাকাছি এটি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে ইতোমধ্যে শত শত বিমান চলাচল বাতিল করা হয়েছে এবং স্কুল-কলেজসহ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় চীন সরকার দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় এলাকায় হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা কয়েক দিনের প্রয়োজনীয় খাবার ও পানি মজুত করে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। এর আগে চলতি সপ্তাহে অন্য একটি ঝড়ের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছিল, যা নিয়ে প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
রিপোর্টারের নাম 
























