দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা কাটিয়ে উঠতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এর আগে তিনি একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন যে, দীর্ঘদিনের লুটপাটের মানসিকতা যাদের রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও সততার সাথে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 




















