যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দেশের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতু রেকর্ড সময়ের মধ্যে পুনরায় চালু করেছে ইরান। আক্কালা কাউন্টির এই সেতুটি মেরামতের কাজ শেষ করতে সময় লেগেছে ২৪ ঘণ্টারও কম। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতের ফলে ওই রুটে ট্রেন চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
গোলেস্তান প্রদেশের গভর্নর আলি-আসগর তাহমাসবি এই কৃতিত্বকে শত্রুদের হুমকির মুখে ইরানের সক্ষমতার এক বাস্তব জবাব হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেলসেতুতে মার্কিন হামলা চালানো হয়েছিল, যার ফলে গোরগান–ইনচেহ বোরুন রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, এই রেলপথটি ইরানের উত্তরাঞ্চলের সাথে তুর্কমেনিস্তান এবং বৃহত্তর মধ্য এশিয়ার রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। এটি মূলত চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল করিডোরের একটি কৌশলগত অংশ। হামলার পরপরই দ্রুত মেরামতের মাধ্যমে ইরান তার পরিবহন অবকাঠামোর নিরাপত্তা ও সক্ষমতার কড়া বার্তা দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























