গোপালগঞ্জ জেলা সদরে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত সিগারেটগুলো ছয়টি কার্টনে রাখা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচজন ব্যবসায়ীর নামে এই চালানটি বুকিং করা হয়েছিল এবং এর অর্থ লেনদেনের জন্য ঢাকার উত্তরার একটি অফিসের ঠিকানা ব্যবহার করা হয়েছিল।
অভিযান চলাকালে সিগারেট নিতে আসা ব্যবসায়ীদের প্রতিনিধিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসআই আলমগীর হোসেন জানান, জব্দকৃত সিগারেটগুলো যে নকল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এই চক্রের পেছনে কারা জড়িত এবং নকল পণ্যের এই সরবরাহ নেটওয়ার্ক কীভাবে কাজ করছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























