জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আইন ও বিচার বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে। কমিটি ঘোষণার পর থেকেই এ নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগের বিষয়ে তোফায়েল আহমেদ জানান, তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় ছাত্রত্ব টিকিয়ে রাখতে তিনি ছাত্রলীগের কিছু কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। তিনি নিজেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান দাবি করে বলেন, হলের পরিবেশ ও শিক্ষা জীবন রক্ষায় তাকে কৌশলী হতে হয়েছে। তবে তিনি ছাত্রলীগের কোনো পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি এবং বর্তমানেও তিনি ছাত্রলীগের কমিটিতে পদধারী বলে দাবি করছেন সমালোচকরা।
উল্লেখ্য, গত ৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল জাককানইবি শাখার ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এই কমিটিতে তোফায়েল আহমেদ ৭ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পান। এদিকে তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও অর্থ দাবির অভিযোগও তুলেছেন এক ছাত্রলীগ নেতা, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তোফায়েল।
রিপোর্টারের নাম 

























