দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা বিবেচনা করে ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিম্ন ও মধ্যম আয়ের এসব কর্মীদের আর্থিক চাপ কমিয়ে দাপ্তরিক কাজে মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগ ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।
গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক এই প্রস্তাবটি উত্থাপন করেন। সেখানে বলা হয়েছিল, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের কর্মচারীরা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, যা তাদের মানসিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রস্তাবের গুরুত্ব বিবেচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতি মাসে এবং তিন মাস অন্তর বৈঠকের মাধ্যমে পর্যালোচনা করা হবে। এটি স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদে কার্যকর হবে, সে বিষয়ে অর্থ বিভাগ কাজ শুরু করেছে। সরকারের এই পদক্ষেপে দেশের বিপুল সংখ্যক নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















