জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে।
শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু হয়েছে। যারা এই ধরনের রাজনীতির সঙ্গে জড়িত, আগামী দিনের সব নির্বাচনে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই দল বা প্রতীকে ভোট দিতে হবে—এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে থাকবো।’ সৎ ও যোগ্য মানুষকে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কে কোন পরিবার থেকে এসেছে, সেটি বিবেচ্য নয়, বরং সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে। এ প্রসঙ্গে তিনি রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহর জাতীয় সংসদে যথাযথ যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালনের উদাহরণ দেন।
সমাবেশে সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার। বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগ থাকা পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।
রিপোর্টারের নাম 
























