মৌলভীবাজারের রাজনগরে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনু নদের বাঁধ ভেঙে উপজেলার উজিরপুর ও ভাঙারহাট এলাকার অন্তত ১৫টি গ্রাম তলিয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে ভেসে গিয়ে আসরাফ আলী আসই (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢলের কারণে মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা এবং রাত ১২টার দিকে টেংরা ইউনিয়নের উজিরপুর ও আকুয়া মনু বাঁধের প্রায় সাড়ে তিনশ ফুট অংশ ভেঙে যায়। এর ফলে আকুয়া, সৈয়দনগর, আদিনাবাদ টগরপুর, কোনাগাঁও, শ্বাসমহল, বকশিকুনা, মহলাল, প্রেমনগর, মালিকোনা, ভাঙারহাট বাজার, ভয়গড়, ডলা, হংসখলা, গবিন্দপাটি, টুপির মহল, হরিপাশা বাজার, উজিরপুর, প্রেমনগর কান্দিরকুল, একামধু, সালন, উরকিলা, গয়ঘর, ডেফউড়া, দত্তগ্রামসহ আরও কয়েকটি গ্রাম দ্রুত প্লাবিত হয়।
শুক্রবার সকালে আকুয়া গ্রামের আসরাফ আলী আসইয়ের (৭২) লাশ পানির স্রোতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পানিবন্দি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে হাঁস, মোরগ, গবাদিপশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর বা নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নদ-নদীর পানি এখনও বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার পাঠানো হয়েছে। পানিবন্দি মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি উদ্ধার কাজে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















