বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ১৫৩ জন সিনিয়র অফিসারের অংশগ্রহণে এক বর্ণাঢ্য অভিষেক ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানোর পর ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, মূল্যবোধ, সেবাদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাঁদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহোদয় নবনিযুক্ত সিনিয়র অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের প্রায় ৬১ লক্ষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি ব্যাংকের মিশন, ভিশন ও মৌলিক মূল্যবোধের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আদর্শ ও উদ্দেশ্যের সমন্বয় সাধন করে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে কর্মকর্তাদের শুধু প্রচলিত জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকসেবামুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি আত্মউন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আজীবন শিক্ষার মানসিকতা ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান মহোদয় দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগের ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশ আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন’ প্রকল্পের কথাও উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























