কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মোহাম্মদ হাশেম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মোহাম্মদ হাশেম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে।
ঘটনার সূত্রপাত গত ৬ জুলাই দুপুরে। বসতভিটার রাস্তা নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হাশেমের ওপর তার আপন দুই ভাতিজা মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ সোহেল হামলা চালায়। এ সময় তারা চাচা মোহাম্মদ হাশেমের পেটে ছুরিকাঘাত করে, যার ফলে তার নাড়িভূড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাতামুহুরি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হাশেম নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























