মাদারীপুরের কালকিনিতে ১৫৮নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে শিক্ষক সমাজ হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারকে পূর্বপরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে তার কয়েকজন সহযোগী পূর্ব শত্রুতার জেরে শিক্ষক রাজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
রিপোর্টারের নাম 
























