যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি করতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মো. মাহফুজুল হক নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ রাত প্রায় ৯টা ৩০ মিনিটের দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ নম্বর ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা মাহফুজুল হককে মাটিতে পড়ে থাকতে দেখে। তার মাথার পেছনে গুলি লেগেছিল। ঘটনাস্থলে তার গাড়ি চালু অবস্থায় ছিল এবং একটি ডেলিভারি ব্যাগও পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে এবং ধারণা করছে, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।
তদন্তকারীরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত বা টার্গেট করে হত্যা। এ ঘটনায় কালো পোশাক ও মুখোশ পরা তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে গিয়ে তারা জানতে পারেন ওই বাড়ির কেউ কোনো খাবারের অর্ডার করেননি। ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে একটি খাবারের ব্যাগও পাওয়া গেছে, তবে সেটি এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























