দীর্ঘ কর্মময় শিক্ষাজীবনের সফল সমাপ্তি টেনে অবসরে গেলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহার হোসেন শাহ। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও শিক্ষাসেবার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক ভালোবাসায় বিদায় জানান এই আদর্শ শিক্ষককে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল হক, বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. ফারুক এবং শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম চান। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা মো. আজহার হোসেন শাহকে শুধু একজন প্রধান শিক্ষক হিসেবে নয়, বরং একজন আদর্শ শিক্ষাগুরু, দক্ষ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, সততা, শৃঙ্খলা, কর্মনিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা বিদ্যালয়কে একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই অবদান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দের পক্ষ থেকে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। এতে শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান, নেতৃত্বগুণ, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করা হয়। বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. আজহার হোসেন শাহ শিক্ষকতাকে তাঁর জীবনের ব্রত হিসেবে উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রিপোর্টারের নাম 
























