ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের জামায়াতের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ঢাকা-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের বিএনপির মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের বিএনপির মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের বিএনপির মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের বিএনপির এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের বিএনপির মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের বিএনপির ফজলে হুদা, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা-৪ আসনের জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করা, নিরীক্ষা আপত্তিগুলো খতিয়ে দেখা এবং সরকারি হিসাবের জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এই কমিটির আওতাধীন। বাজেট পাসের পর সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী ধরনের অনিয়ম ধরা পড়ছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এসব বিষয়ে কী জবাব দিচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে এই কমিটির ভূমিকা অপরিসীম।
রিপোর্টারের নাম 

























