হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে চালু করা হয়েছে বিশেষ ‘ফ্রি শাটল সার্ভিস’। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বুধবার। এর ফলে যাত্রীরা এখন থেকে বিমানবন্দর থেকে নিকটস্থ বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও প্রধান সংযোগস্থলগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
প্রাথমিকভাবে এই শাটল বাসগুলো বিমানবন্দর থেকে জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা রুটে নিয়মিত চলাচল করবে। এই উদ্যোগের ফলে বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু এবং যারা ভারী লাগেজ নিয়ে ভ্রমণ করেন, তাদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এছাড়া ব্যক্তিগত যানবাহনের চাপ কমিয়ে বিমানবন্দরের যানজট নিরসনেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধিতে নতুন নতুন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই শাটল সার্ভিস চালুর মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি বিমানবন্দরের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
রিপোর্টারের নাম 






















