যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ধমক ও পেশিশক্তি প্রদর্শন করে দাবি আদায়ের দিন এখন অতীত। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না এবং নিজেদের অধিকার আদায়ে অটল থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তাবলি গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের কার্যক্রমে উস্কানি দেওয়া, তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং দক্ষিণ ইরানে হামলা চালিয়ে ওয়াশিংটন সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে।
গালিবাফ আরও উল্লেখ করেন যে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্ট করছে। তার মতে, বর্তমান বিশ্ব ব্যবস্থায় শক্তি প্রয়োগ করে কোনো রাষ্ট্রকে বশীভূত করার চেষ্টা আর সফল হবে না।
রিপোর্টারের নাম 
























