জুলাই বিপ্লবের উত্তাল সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত সাংবাদিক রায়হান আলী এখন থাইল্যান্ডের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নীলফামারীর রাজপথে পুলিশের হামলার শিকার হওয়া এই সাংবাদিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। দীর্ঘ সময় ধরে বিদেশের মাটিতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
পরিবার সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে এ পর্যন্ত রায়হানের শরীরে ১৮টিরও বেশি অস্ত্রোপচার করা হয়েছে। সামনে আরও বেশ কিছু জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। দীর্ঘদিনের এই চিকিৎসা প্রক্রিয়ায় রায়হান যেমন শারীরিক যন্ত্রণায় ভুগছেন, তেমনি দেশে থাকা তার বৃদ্ধ বাবা-মা ও চার বছর বয়সী শিশু সন্তান চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
গত ৪ আগস্ট নীলফামারীর চৌরঙ্গী মোড়ে দায়িত্ব পালনের সময় পুলিশের বেপরোয়া হামলার শিকার হন রায়হান। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। বর্তমানে তার পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অদম্য এই কলমসৈনিকের জীবন বাঁচাতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি জরুরি সাহায্যের আবেদন জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















