পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই হামলার প্রতিবাদে এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংবাদকর্মী ও শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও পুলিশ অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিমন ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। বক্তারা অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ঘটনার সময় প্রক্টরিয়াল বডির নিস্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে শিক্ষার্থী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বিভাগীয় শাস্তির আওতায় না আনা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত ঘটে।
রিপোর্টারের নাম 






















