জুলাই গণঅভ্যুত্থানে আহত হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধা পেতে জমা পড়া আবেদনের মধ্যে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। নতুন করে জমা পড়া ৩ হাজার ৩১৬টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া বলে শনাক্ত করেছে তদন্তকারী সংস্থাগুলো। এছাড়া আরও প্রায় ৬০০টি আবেদনে তথ্যের অসংগতি ও একই ব্যক্তির একাধিকবার আবেদনের প্রমাণ পাওয়া গেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মাঠ পর্যায়ে এই তদন্ত পরিচালনা করে। ২ হাজার ৩৮৮টি আবেদন যাচাই করে ১ হাজার ৫৯০ জনের তথ্য সঠিক পাওয়া গেছে। বর্তমানে এসব সঠিক আবেদনকারীদের জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে বিতর্কের মুখে ১৩ জন শহীদ ও ২১৯ জন আহত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কেউ অসত্য তথ্য দিয়ে তালিকাভুক্ত হলে পরবর্তীতেও তাদের নাম বাদ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















