বরিশালের বাকেরগঞ্জে রাতের আঁধারে সরকারি খাসজমি বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সোহেল ফরাজী উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি। গত রোববার রাতে নিয়ামতি ইউনিয়নের তোহা বাজারে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, বাজারের প্রায় ১৯-২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমিটি কবজা করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ওই জমিতে দীর্ঘদিন ধরে তারা মুদি দোকান, মুরগির আড়তসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০১৭-১৮ অর্থবছরে কিছু জমি বন্দোবস্ত দেওয়া হলেও পরে ২০২২ সালে সরকার তা স্থগিত করে।
অভিযুক্ত বিএনপি নেতা সোহেল ফরাজী দখলের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, ব্যবসায়ীদের সুবিধার জন্য সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে বালু ফেলা হয়েছে। তবে রাতের আঁধারে কেন এই কাজ করা হলো, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে সরকারি জমি দখলের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























