নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ জুলাই রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নৃশংস হামলা চালায়। এ সময় তারা তার সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই অমানবিক ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 

























