গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে রাকিব শেখ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আটক রাকিব ওই ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব পুলিশের ইউনিফর্ম পরে বনগ্রামের গগণ বালা নামের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং একপর্যায়ে তাকে আটকে ফেলেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, হাতকড়া (হ্যান্ডকাফ) ও একটি ছুরি উদ্ধার করা হয়।
খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে পুলিশের সরঞ্জাম ও অস্ত্রসদৃশ খেলনা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























