বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মিউজিক্যাল পারফরম্যান্সসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক, স্থাপত্যশৈলী এবং দীর্ঘদিনের বন্ধুত্বের নানা দিক তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্থাপত্য নির্মাণে দুই দেশেরই অনন্য অবদান রয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান, তেমনি আমেরিকার আকাশচুম্বী স্থাপত্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে, দুই দেশ আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে।
ডেপুটি স্পিকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা স্মরণ করে বলেন, সেই মানবিক ও সাংস্কৃতিক চেতনা আজও দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















