কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ পৃথক অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ এই সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির আমিরাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, রামদা, ছুরি ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দাউদকান্দি, তিতাস ও চান্দিনা উপজেলার বাসিন্দা। এছাড়া পৃথক একটি অভিযানে ধর্ষণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উপজেলার সাতপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























