সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, জনগণের আকাঙ্ক্ষিত এই রায় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জাতি মেনে নেবে না। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে ১১ দলীয় জোটের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোবারক হোসাইন আরও বলেন, জুলাইয়ের স্মৃতি ধারণ করতে দ্রুত জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী শুরু থেকেই গণভোটের দাবিনামা নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে এবং জনস্বার্থে এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদকে গুরুত্ব না দিলে এবং জনগণের পালস বুঝতে ব্যর্থ হলে বিগত সরকারের মতো বর্তমান সরকারকেও বিদায় নিতে হতে পারে। তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো সবসময় জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সামনের সারিতে থাকবে।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
রিপোর্টারের নাম 





















