মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এই বার্তায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভকামনা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, আমেরিকার এই ঐতিহাসিক মুহূর্তটি বিশ্বজুড়ে স্বাধীনতা, ত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের এক বিশ্বস্ত অংশীদার এবং বন্ধু বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এক শক্তিশালী অংশীদারিত্বে রূপ নিয়েছে। বর্তমান বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি খাতে যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তাকে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আমেরিকার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামীতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















