নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই প্রতারণার কারণে শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারলেও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শনিবার তারা বিশেষ ব্যবস্থায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, ফরম পূরণের জন্য আটজন শিক্ষার্থী জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা অফিস সহায়ক অমিত কুমারের কাছে জমা দিয়েছিলেন। তবে অমিত কুমার সেই টাকা জমা না দিয়ে শিক্ষার্থীদের ভুয়া আশ্বাস প্রদান করেন। পরীক্ষার আগে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে নির্দেশ দেন।
শনিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানো প্রবেশপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেন। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের দায়ের করা মামলায় পুলিশ শুক্রবার রাতেই অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 























