ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। তবে সৌদি আরবের প্রতিনিধিদলের উপস্থিতিতে সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই আয়াতে মূলত ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট এবং মুমিনদের বিজয়ের কথা উল্লেখ রয়েছে।
তেহরানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সৌদি আরবের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। সুরা আলে ইমরানের এই আয়াতে বলা হয়েছে, কীভাবে আল্লাহ তাঁর সাহায্যে একটি ক্ষুদ্র দলকে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে জয়ী করেছিলেন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের সামনে এই নির্দিষ্ট আয়াতটি পাঠ করার মাধ্যমে ইরান সম্ভবত কোনো বিশেষ প্রতীকী বা কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে।
যদিও এই আয়াত নির্বাচনের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। ইরানভিত্তিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য দেশের প্রতিনিধিদের সামনেও কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত পাঠ করা হলেও সৌদি আরবের ক্ষেত্রে এই ঐতিহাসিক যুদ্ধের অনুষঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























