বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে মিলনের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৩০ মে কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন মিলন হাওলাদার। এ সময় পরিবারের কয়েকজন শিশুকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের, রোমানসহ বেশ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে মিলনের বাড়িতে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জুন তিনি মারা যান। মিলনের চিকিৎসায় পরিবারটি ৩৫ লাখেরও বেশি টাকা ব্যয় করে সর্বস্বান্ত হয়ে পড়েছে বলে দাবি করেন তার স্বজনরা।
বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের এত দিন পরও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধন থেকে অবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, মিলন হত্যার ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন, যা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
রিপোর্টারের নাম 

























