সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের অস্ত্র প্রশিক্ষণের দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। সংস্থাটি জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের কোনো মাদ্রাসার নয়, বরং এটি আফগানিস্তানের। ২০১৫ সালে আল-জাজিরায় প্রচারিত একটি প্রামাণ্যচিত্রের অংশ বিশেষকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুখে কালো কাপড় বাঁধা এক ব্যক্তি একটি শিশুকে বন্দুক চালানো শেখাচ্ছেন। ভিডিওটি এরই মধ্যে কয়েক লাখ মানুষ দেখেছেন এবং হাজার হাজার বার শেয়ার হয়েছে। এএফপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এটি মূলত ‘আইএসআইএল অ্যান্ড দ্য তালেবান’ শীর্ষক একটি ডকুমেন্টারি থেকে নেওয়া দৃশ্য, যা প্রায় ৯ বছর আগে আফগানিস্তানে ধারণ করা হয়েছিল। ডকুমেন্টারির বর্ণনায় স্পষ্টভাবে এর ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ রয়েছে।
তদন্তে দেখা গেছে, কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে অতীতেও বিভিন্ন রাজনৈতিক প্রচারণা চালানো হয়েছিল। বিভ্রান্তিকর এই ভিডিওটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ছড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার এবং তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























