দেশের সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট লেখক ও সাহিত্যিককে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৫ ও ২০২৬—এই দুই বছরের জন্য মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে একাডেমি কর্তৃপক্ষ। শুক্রবার সকালে চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি এই নামগুলো ঘোষণা করেন।
২০২৫ সালের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন—কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল। অন্যদিকে ২০২৬ সালের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন—কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্যসাহিত্যে মোস্তফা কামাল যাত্রা। পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদারসহ সংগঠনের বিভিন্ন স্তরের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে বরেণ্য লেখকদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে মজিদ মাহমুদ, তপন বাগচী ও মনি হায়দারের মতো বরেণ্য লেখকরা এই সম্মাননা পেয়েছেন।
রিপোর্টারের নাম 

























