হোয়াটসঅ্যাপে এবার ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ব্যবহারকারীদের জন্য ‘ইউজারনেইম’ সুবিধা চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি ইউনিক ইউজারনেইম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফলে নতুন পরিচিত বা কোনো গ্রুপে যুক্ত হওয়ার সময় নিজের ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না।
সুবিধাটি সবার জন্য চালুর আগে চলতি সপ্তাহ থেকেই পছন্দের ইউজারনেইম সংরক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটির বেশি হওয়ায় একই ধরনের নাম ব্যবহারের সম্ভাবনা এড়াতেই আগেভাগে নাম সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
যারা পছন্দের নাম নির্বাচন করতে সমস্যায় পড়বেন, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ইউজারনেইমের পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কনটেন্ট নির্মাতা, ছোট ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেইম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন, যাতে সব প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা সহজ হয়।
ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করতে ইউজারনেইমের কোনো উন্মুক্ত তালিকা বা সার্চ সাজেশন থাকবে না। ফলে কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেইম জানতে হবে।
এ ছাড়া নিরাপত্তা আরও বাড়াতে ‘ইউজারনেইম কি’ নামে একটি অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এই সুবিধা চালু থাকলে প্রথমবার বার্তা পাঠাতে ইউজারনেইমের পাশাপাশি নিরাপত্তা কী-ও প্রয়োজন হবে।
নতুন ফিচার চালু হলে প্রথমবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চ্যাট শুরুর সময় ফোন নম্বরের পরিবর্তে শুধু ইউজারনেইম দেখা যাবে।
ইউজারনেইম সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে গিয়ে Settings > Account > Username অপশনে প্রবেশ করতে হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে সবার জন্য এই সুবিধা চালু করা হবে। কোনো অঞ্চলে ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের অ্যাপ থেকেই জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























