গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অপরিহার্য। এই প্রবাহ বাধাগ্রস্ত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, যার ফলস্বরূপ দেশে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসন বজায় ছিল।
শুক্রবার বরিশাল প্রেসক্লাবে এনটিভি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন।
সরোয়ার আরও বলেন, যখন গণমাধ্যম নির্ভয়ে সত্য প্রকাশ করতে পারে, ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় আনতে পারে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে, তখনই গণতন্ত্র শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এবং এর প্রসার ঘটে।
অনুষ্ঠানে এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল সমাজসেবা অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
রিপোর্টারের নাম 






















