দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির ঘুষ ও দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে অবৈধভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার ৭৩ বছর বয়সী কারান্নাগোদাকে হেফাজতে নেওয়া হয়। ২০০৬ সালে যোশিথাকে নিয়মবহির্ভূতভাবে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
কারান্নাগোদা ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। এর আগে গত মাসে যোশিথা রাজাপাকসে সরকারি অর্থে ব্রিটেনের ডার্টমাউথ নৌ কলেজে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে পরে জামিন পান।
সাবেক এই নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। এর জেরে ২০২৫ সালে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়া, ২০০৮-০৯ সালে ১১ তরুণকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের মামলাও পুনরুজ্জীবিত হয়েছে।
২০২৪ সালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর রাজাপাকসে পরিবার ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে চলা দুর্নীতি ও আলোচিত অপরাধের মামলাগুলো নতুন গতি পেয়েছে। যোশিথার বিরুদ্ধেও সম্পদের উৎস গোপনের একটি ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন।
রিপোর্টারের নাম 























