বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ঘের মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বুধবার ভোর রাতে দক্ষিণ খানপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘের দুটিতে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। এর ফলে ঘেরে থাকা বড় গলদা চিংড়ি, রেণু এবং বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিষক্রিয়ায় মারা যায়। অভিযোগ রয়েছে, কিছু মাছ দুর্বৃত্তরা নিয়ে গেলেও অধিকাংশ মাছ পচে নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের দাবি, এই দুটি ঘেরে থাকা মাছের বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন।
ঘের মালিকদের একজন বলেন, গভীর রাতে তাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। তিনি ধারণা করছেন, এলাকার মাদকসেবী বা সুন্দরবনের ডাকাত চক্রের কিছু সদস্য এমন ঘটনা ঘটাতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব বলে তিনি জানান।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেছেন, মাছ নিধনের অভিযোগের বিষয়টি তারা অবগত আছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























