ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর বুধবার তাদের উদ্ধারের খবর পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এই ঘটনার পেছনে সম্ভাব্য মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রী খুশি, মল্লিকা ও ঋতু দেবনাথ এবং অষ্টম শ্রেণির ছাত্রী সুজুতি রানী দেবনাথ। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে এই চার শিক্ষার্থী প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই ঘটনা দ্রুত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, বুধবার সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত থেকেই পুলিশ শিক্ষার্থীদের সন্ধানে ব্যাপক অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে ঢাকায় যায় এবং সেখান থেকে সিলেটে নিয়ে যাওয়া হয়। পুলিশের ধারণা, একটি মানবপাচার চক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিখোঁজ চার স্কুলশিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি সম্ভাব্য মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























