জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা, যার বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তথ্যও তুলে ধরা হয়। সংশোধিত বাজেটে রাজস্ব আয় ছিল ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা এবং রাজস্ব ব্যয় ছিল ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা আক্তার, স্থানীয় সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























