যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যকে সামনে রেখে রাজধানী তেহরানে জোর প্রস্তুতি চলছে। কর্মীরা শেষ মুহূর্তের কাজে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির একটি বিশাল প্রতিকৃতি টানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে স্থগিত হওয়া এই শেষকৃত্য এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সংঘাত বন্ধে প্রাথমিক স্বাক্ষরের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি নাজুক যুদ্ধবিরতি মেনে চলছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। শিয়া মুসলমানদের অনেকের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচিত খামেনি গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধের প্রথম দিন ৮৬ বছর বয়সে তেহরানের কেন্দ্রস্থলে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত হন।
আগামী শনিবার তার রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হবে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এই স্থানে বড় জুমার নামাজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। হামলায় নিহত তার স্বজনদের মরদেহও সেখানে রাখা হবে।
কর্মকর্তাদের ধারণা, শেষকৃত্যে দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নেবেন, যা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় শেষকৃত্য হতে পারে। অনুষ্ঠানস্থল নতুন করে রং করা হয়েছে এবং পুরো এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কর্মীরা ধাতব কাঠামো জোড়া লাগাচ্ছে এবং ক্রেন দিয়ে নির্মাণসামগ্রী তোলা হচ্ছে। বিপুল মানুষের সমাগমের কথা বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন শোকাহত মানুষকে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শেষকৃত্যের সময় তাপমাত্রা বাড়তে পারে উল্লেখ করে পর্যাপ্ত পানি পানের পরামর্শও দেওয়া হয়েছে।
এএফপির এক সাংবাদিক জানান, রাজধানীর প্রধান কয়েকটি সড়কের কিছু অংশ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যা তেহরানের চিরচেনা তীব্র যানজটকে আরও বাড়িয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বড় অংশজুড়ে খামেনির জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করা হচ্ছে। শেষকৃত্য আয়োজন কমিটির সচিব আলি-আকবর পুরজামশিদিয়ান বলেছেন, শুক্রবার বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আলাদা একটি অনুষ্ঠান হবে এবং প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা শেষকৃত্যে অংশ নেবেন।
রিপোর্টারের নাম 





















