গাজীপুরের টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যালে জামালপুর এক্সপ্রেস ট্রেনে এক ভয়াবহ গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশে বনমালা আউটার সিগন্যালে ট্রেনটি থামলে এই ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজ বুলবুল জানান, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি টঙ্গীর বনমালা রেলওয়ে আউটার সিগন্যালে এসে থামলে অতর্কিতভাবে ১০-১৫ জন সশস্ত্র ছিনতাইকারী ট্রেনে উঠে পড়ে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বেশ কয়েকজন যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন জানিয়েছেন, এই ঘটনায় ফাঁড়িতে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়াও, টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যালগুলোতে নজরদারি বাড়ানো হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 





















