ইউক্রেনীয় বাহিনীর চালানো এক ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করে মস্কোর দিকে আসা ৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে, দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।
মেয়র সোবিয়ানিন তার ম্যাক্স প্ল্যাটফর্মে জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে উড়ে আসা শত্রুপক্ষের ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে আরও ড্রোন ভূপাতিত করার ফলে মোট সংখ্যা ৪৬-এ দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলে তিনি জানান।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন এর কয়েকদিন আগেই রাশিয়া দাবি করেছিল যে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে তারা ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার ঘটনা বিরল। গত সপ্তাহেও ইউক্রেনের হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছিল। ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ক্রেমলিনের আয়ের প্রধান উৎস হিসেবে এসব জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
রিপোর্টারের নাম 
























