বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে ফেনীতে মোসলে উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক জনি ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘেরাও করে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পরে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কারো উস্কানি বা সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও ওই যুবক সামাজিক মাধ্যমে এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 























