কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদকে গুলি করার ঘটনায় জড়িত ৪ জনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার এ তথ্য জানান।
গত ২৪ জুন রাতে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে গত ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময় হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পথচারী শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়।
ঘটনার পরপরই কুমিল্লা জেলা পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে সরাসরি জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে (২২) একটি বিদেশি পিস্তল ও ০৬ রাউন্ড তাজা বুলেটসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসিফ (২৬), আশিক (৩৫) এবং ইমন (১৯) নামে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সাথে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লায় ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























