নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার রাতে মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় প্রবাসী আবু সুজন, তার ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ, ভাবি রুবিনা আক্তার এবং বোন ইয়াসমিন আক্তার আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সাংবাদিক আনোয়ার পারভেজ জানান, তার ভাই আবু সুজন ১৮ দিন আগে ফ্রান্স থেকে দেশে ফেরার পর থেকেই এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান জুনায়েদের নজরে পড়েন। রোববার রাতে জুনায়েদের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালানো হয়।
৯৯৯ নম্বরে কল পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























