ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমিল্লা-১০ (লালমাই-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘একটি গাছ, একটি প্রাণ- বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবজাতির অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, এটি মানুষের জীবন রক্ষা করে এবং খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা। এই অর্থবছরে তার নির্বাচনী এলাকায় এক লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























