রাজধানীর অধিকাংশ এলাকায়, বিশেষ করে মিরপুরে, পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টানা কয়েক মাস ধরে পানি না পাওয়ায় হাজার হাজার বাসিন্দা রান্না, গোসল, পানীয় জল সংগ্রহ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করছেন। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মিলছে না।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে, ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে যে, অতিরিক্ত চাহিদা, সরবরাহ ব্যবস্থার ত্রুটি, বিভিন্ন স্থানে মেরামত কাজ এবং কিছু নলকূপ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাময়িকভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে।
এদিকে, শেওড়াপাড়া ইকবাল রোডে গত এক মাস ধরে পানি না থাকায় গতকাল রোববার দুপুর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা হাঁড়ি-কলসি নিয়ে রাস্তায় নেমে দাবি করেন যে, রাস্তা অবরোধ করলেই হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে। বাড়িওয়ালা থেকে ভাড়াটিয়া পর্যন্ত সকলেই একবেলা রান্না এবং আধাবেলা গোসল করেই পানির অপেক্ষায় দিন পার করছেন। উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা পানির দাবিতে রাস্তায় নেমেছেন। এর আগেও পানিসংকট, অবৈধ বাণিজ্য চক্র এবং খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতিবাদে এলাকাবাসী প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন যে, পশ্চিম শেওড়াপাড়া পীরেরবাগ রোডের বিউটি পার্লার গলিতে এক মাস ধরে পানি নেই, যদিও এলাকায় তিনটি পানির পাম্প রয়েছে। তারা আরও অভিযোগ করেন যে, ওয়াসা সিন্ডিকেটে আবদ্ধ এবং তারা পানি বন্ধ রেখে গাড়িতে পানি বিক্রি করে। এ এলাকার জনপ্রতিনিধি বাসিন্দাদের খোঁজ রাখেন না এবং তিনি সোচ্চার হলে হয়তো এই সিন্ডিকেট ভেঙে যেত বলে তাদের দাবি।
রিপোর্টারের নাম 

























