বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু এবং চিকিৎসা গবেষণায় গতি আনতে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি উত্থাপন করলে তা অধিকতর পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি অত্যাধুনিক সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হলেও দক্ষ জনবল ও সুনির্দিষ্ট পরিচালনা কাঠামোর অভাবে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়কে কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে লাভজনক বা অলাভজনক প্রতিষ্ঠান গঠনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল পরিচালনা এবং দেশি-বিদেশি প্রখ্যাত চিকিৎসক ও গবেষকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে।
নতুন এই সংশোধনী পাস হলে বিশ্ববিদ্যালয়টি আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরের প্রক্রিয়া সহজতর করতে পারবে। এছাড়া এসব কোম্পানি থেকে অর্জিত আয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে পুনরায় বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















