রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে নগরীর তালাইমারী এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন—যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মীর সজীব, আশিকুর রহমান ও আজমাইন।
ভুক্তভোগীদের অভিযোগ, তারা নদীর পাড়ে গোসল করতে গিয়েছিলেন। সেখানে এক কিশোরকে জাল টানতে সাহায্য করতে এগিয়ে গেলে কয়েকজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই সজীবের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে আশিকুর ও আজমাইনকেও মারধর করা হয়। একপর্যায়ে আরও ৮-১০ জন ঘটনাস্থলে এসে হামলায় যোগ দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
ঘটনার পর শিক্ষার্থীরা বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 























