যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা ২০২৬’-এর তারিখ ও ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ ও ২৬ জুলাইয়ের পরিবর্তে আগামী ২ আগস্ট এই আয়োজন অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ক্রিকেট খেলা এবং কাছাকাছি সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানান, এবারের আয়োজনে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা ম্যাডামকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এ আয়োজনে অংশগ্রহণের জন্য ঢাকায় তার সঙ্গে স্বশরীরে দেখা করে দাওয়াত দেওয়া হয়েছে।
ববিতা বলেন, “তারিখ পরিবর্তন হওয়ার পর আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই আমাকে এই পরিবর্তিত তারিখের কথা বলেছেন। আমার জন্মদিনের পরপরই এই আয়োজনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।” আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন, যা তিনি কানাডায় তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে উদযাপন করবেন বলে জানা গেছে।
খান মোহাম্মদ আলী আরও নিশ্চিত করেছেন যে, এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এছাড়াও জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া-নাঈম এবং আলিফ ও আবু নাইম এই আয়োজনে পারফর্ম করবেন।
রিপোর্টারের নাম 
























