রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মী হাওয়া আক্তারকে আটকে রেখে পৈশাচিক নির্যাতনের দায়ে কথিত এক মানবাধিকারকর্মী ও তাঁর স্ত্রীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোস্তাকিন শরীফ ও তাঁর স্ত্রী জান্নাতুল নাঈমা। কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহানাজ সুলতানা এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে ১৪ বছর বয়সী গৃহকর্মী হাওয়াকে উদ্ধারের সময় তাঁর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। আসামিরা তাকে লোহার খুন্তি ও রড গরম করে ছ্যাঁকা দেওয়া, গ্যাসের আগুনে চুল পুড়িয়ে দেওয়া এবং ক্ষতস্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার মতো অমানবিক নির্যাতন চালাতেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছে, এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























