রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে এই বকেয়া পরিশোধ করা হয়।
প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এই বকেয়া দায় নিষ্পত্তির উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় এই বিশাল অঙ্কের অর্থ সরকারকে পরিশোধ করা সম্ভব হয়েছে।
বিএসসিএলের মতে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রতিষ্ঠানের অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। চার অর্থবছরের অনাদায়ী আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।”
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে অর্থবছর শেষে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের আর্থিক দায় পরিশোধ এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার মাধ্যমে বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 
























